মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

জলবায়ু সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) আজ সোমবার তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় শুরু হচ্ছে। এ সম্মেলনে অংশ নিতে তুরস্ক সরকারের আমন্ত্রণে আগামীকাল মঙ্গলবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভূমধ্যসাগরীয় উপকূলের আনতালিয়া এক্সপো সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী ১১ ও ১২ নভেম্বর অংশ নেবেন প্রধানমন্ত্রী। এ সময় দুটি পৃথক পর্বে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের প্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক বৈঠক হতে পারে। এসব বৈঠকের সময়সূচি নিয়ে আজ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট সূত্র ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার দাবি জানাবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছে কার্যকর ও সহজলভ্য আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা চাওয়া হবে।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে ঋণের বোঝা না বাড়িয়ে অনুদানের পরিমাণ বাড়ানো জরুরি। বিশেষ করে উপকূল, হাওর, চর ও খরাপ্রবণ এলাকার সুরক্ষা, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে পরিচালিত অভিযোজন কার্যক্রমে বৈশ্বিক সহায়তা প্রয়োজন।

এ ছাড়া ক্ষয়ক্ষতি তহবিল থেকে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি বাস্তুচ্যুতি ও জীবিকা হারানোর মতো অ-অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় সহজে পাওয়া যায়—এমন অনুদানের দাবি জানানো হবে। বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার ওপর গুরুত্ব দিয়ে মিন্টু বলেন, এ লক্ষ্য অর্জনে প্রধান কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলোকে এগিয়ে আসতে হবে।

কৃষি, শিল্প ও জ্বালানি খাতকে পরিবেশবান্ধব রূপান্তরের ব্যয় নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের অধিকার এবং নারী ও তরুণদের কর্মসংস্থান সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহ মানুষের জীবন ও জীবিকাকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। এ সম্মেলনে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তাকে অগ্রাধিকার দেবে।

পরিবেশবিদ ও বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা, বিপন্ন মানবতার ভবিষ্যৎ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিশ্বের শীর্ষ নেতারা এবারের সম্মেলনে একত্রিত হচ্ছেন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে এতে বাংলাদেশের অংশগ্রহণ ও অবস্থান বিশেষ গুরুত্ব বহন করছে।

তুরস্কের পর্যটননগরী আনতালিয়ায় আজ সোমবার শুরু হওয়া কপ-৩১ সম্মেলন চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে আয়োজিত ‘কনফারেন্স অব দ্য পার্টিস’ বা ‘কপ’ সম্মেলন বৈশ্বিক জলবায়ু কূটনীতির সবচেয়ে বড় মঞ্চ।

এবারের সম্মেলনের লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাসের নিঃসরণ কমানো, ভবন নির্মাণ খাতে জ্বালানির ব্যবহার ২৫ শতাংশ হ্রাস করা এবং প্যারিস চুক্তির আওতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ ও জলবায়ু অর্থায়ন বাড়ানো।

তুরস্ক সরকারের আমন্ত্রণে সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ২৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা রওনা হবেন। বিকেলে ইস্তান্বুল বিমানবন্দরে পৌঁছে কিছুক্ষণ যাত্রাবিরতি করবেন তাঁরা। এরপর অভ্যন্তরীণ ফ্লাইটে আনতালিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরে তাঁর সঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. সোহাগ আওয়াল, প্রেস সচিব সালেহ শিবলী ও উপপ্রেস সচিব হাসান শিপলুসহ একটি ছোট প্রতিনিধিদল।

সফর শেষে আগামী ১২ নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে বিশ্ব জলবায়ু সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী দেশটিতে যাবেন। আগামীকাল তাঁরা তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top