ফরিদপুরে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর মামলায় আট যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে পুলিশ প্রহরায় তাঁদের কারাগারে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো: শাহীন শেখ (২৭), জয় শেখ (২৬), রহিম মোল্লা (২৬), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩২), মোস্তাক শেখ (৩১) এবং রিয়াজ শিকদার (২৬)। তাঁরা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের পালডাঙ্গী ও ভূয়ারডাঙ্গী গ্রামের বাসিন্দা।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে এক যুবকের সঙ্গে দেখা করতে ও ঘুরতে ফরিদপুরে আসেন এক তরুণী। নির্দিষ্ট স্থানে বন্ধুটির পৌঁছাতে দেরি হওয়ায় তিনি শহরতলির ধলার মোড় এলাকায় পদ্মার চরে কাশবনের দিকে ঘুরতে যান। এ সময় ওই তরুণীকে একা পেয়ে অভিযুক্ত আট যুবক জোরপূর্বক কাশবনে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে সেই ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও চিত্র ধারণ করেন। ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
ঘটনার প্রায় আট মাস পর ২০২০ সালের আগস্টে ধারণকৃত সেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পুলিশের সাইবার নজরদারিতে আসে। ভুক্তভোগী তরুণীর খোঁজ না পাওয়ায় এবং ঘটনার সত্যতা পেয়ে ২০২০ সালের ৫ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর সূত্র ধরে প্রথমে শাহীন শেখকে আটক করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য ও অন্যান্য সূত্র ধরে বাকি সাতজনকেও শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তদন্ত শেষে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী ২০২১ সালের ৩০ জানুয়ারি আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি অত্যন্ত ন্যক্কারজনক অপরাধ ছিল। মামলার ভুক্তভোগী তরুণীকে সরাসরি পাওয়া না গেলেও পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে মামলাটি তদন্ত করে। মামলার ভিডিওর ফরেনসিক পরীক্ষা, আসামিদের পরিহিত পোশাকের মিল এবং তাদের নিজেদের স্বীকারোক্তি ও পারস্পরিক সাক্ষ্যের ভিত্তিতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, আদালতের এই রায়ের মাধ্যমে সমাজে একটি জোরালো বার্তা পৌঁছে গেল যে, এ ধরনের জঘন্য অপরাধ করে কেউ পার পায় না। অপরাধী যতই ধূর্ত হোক না কেন, আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই।





