মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের জন্য সুখবর, আগামী বছর থেকেই সম্মাননা দেবে রাসিক

রাজশাহী প্রতিনিধি:

নগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় অবদান রাখা করদাতাদের উৎসাহিত করতে আগামী বছর থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে। এমন ঘোষণা দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সিটি হলরুমে রাসিকের রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে নাগরিক সেবা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তিনি। এসব কার্যক্রম আরও গতিশীল করতে রাজস্ব আয় বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য রাজস্ব আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক, দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে হবে।

তিনি আরও বলেন, নিয়মিত কর প্রদানকারীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহিত করার লক্ষ্যে আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রাজস্ব বিভাগের সার্বিক কার্যক্রম, রাজস্ব আদায় বৃদ্ধি, বকেয়া কর আদায় এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ। এ সময় রাসিকের রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকনসহ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top