মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

চীনে ৪০ তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

অনলাইন ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইইউয়ানে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর।

সোমবার (৯ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া হতাহতের এ সংখ্যা প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় তাইইউয়ানের ব্যস্ত নগরকেন্দ্রের একটি প্রধান সড়কের পাশে অবস্থিত ৪০ তলা আবাসিক ভবনটিতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, ভবনটির মাঝামাঝি অংশ থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বাইরে ক্রেনে অবস্থান নিয়ে কাজ করেন দমকলকর্মীরা।

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার মধ্যে উদ্ধার অভিযান শেষ হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, তাইইউয়ান চীনের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও উৎপাদনকেন্দ্র।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top