মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

সরকারি বাসায় অবৈধ ভাড়াটেদের উচ্ছেদে অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

অনলাইন ডেস্ক

সরকারি আবাসনের বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে অবৈধভাবে বসবাসকারী ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে অভিযান চালানোর উদ্যোগ নিয়েছে সরকারি আবাসন পরিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছাড়ার নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর ফ্ল্যাটের বরাদ্দও বাতিল হতে পারে।

৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসা থেকে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও যারা বাসা ছাড়েননি, তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা ফ্ল্যাটে এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য ঢাকার বিভিন্ন সরকারি আবাসনে সরেজমিনে তদন্ত চালাচ্ছে পরিদপ্তরের পাঁচটি দল। ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ এখনো শেষ হয়নি।

তদন্তে যেসব ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দার সন্ধান পাওয়া যাবে, সেগুলোর বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। ভাড়াটেরা কেন এখনো বাসা ছাড়েননি, সে বিষয়ে সংশ্লিষ্টদের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীর বাসার বরাদ্দ বাতিল করা হতে পারে।

পরিদপ্তর সূত্র জানায়, তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পাওয়ার পর উচ্ছেদ অভিযান শুরু হবে। যেসব সরকারি ফ্ল্যাটে বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে অন্যরা ভাড়া বা সাবলেট হিসেবে বসবাস করছেন, সেগুলোই অভিযানের আওতায় আসবে।

দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাট অন্যদের ভাড়া বা সাবলেট দেওয়ার অভিযোগ রয়েছে। এ অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর। এতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনায় আরও বলা হয়, যার নামে সরকারি বাসা বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁকেই সেখানে বসবাস করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো সরকারি ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা পাওয়া গেলে সংশ্লিষ্ট চাকরিজীবীর বরাদ্দ বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top