রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাত এড়ানোর প্রচেষ্টা নিয়ে আলোচনা করতে সোমবার থেকে প্যারিসে দুই দিনের বৈঠকে বসছেন জি-৭ জোটের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
বৈঠকে ইউরোপের শক্তিশালী দেশগুলো ইউক্রেন যুদ্ধের একটি ন্যায্য সমাধানে যুক্তরাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো থেকে ওয়াশিংটনকে বিরত রাখার চেষ্টা করবে তারা। খবর বার্তা সংস্থা এএফপির।
বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশ— যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন। গত মার্চে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকের মতো এবারও আলোচনায় প্রাধান্য পাবে একই ধরনের আন্তর্জাতিক উদ্বেগ ও সংকট।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশ দুটির যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের দিকে এগোচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পরাজিত হওয়ার পরও ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নাকচ করেনি ওয়াশিংটন।
এবারের বৈঠকে বিশেষ নজর থাকবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ওপর। তিনি বৈঠকের দুই দিনই উপস্থিত থাকবেন। তবে গত মার্চের বৈঠকে তিনি মাত্র এক দিন অংশ নিয়েছিলেন।
ফ্রান্সের জি-৭ সভাপতিত্বের মেয়াদে এটি অন্যতম শেষ গুরুত্বপূর্ণ আয়োজন। চলতি গ্রীষ্মে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমন্ত্রণে এভিয়াঁর হ্রদপাড়ের অবকাশকেন্দ্রে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
প্রাথমিকভাবে বৈঠকটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মার্সেইয়ে আয়োজনের কথা ছিল। তবে শেষ মুহূর্তে এটি প্যারিসে স্থানান্তর করা হয়। স্থান পরিবর্তনের কারণ হিসেবে শুধু সময়সূচিসংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে ট্রাম্পের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচিত রুবিওর জন্য এটি হবে মধ্যবর্তী নির্বাচনের পর প্রথম বিদেশ সফর। ২০২৭ সালে ফ্রান্সের কাছ থেকে জি-৭-এর সভাপতিত্বের দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।
ইউরোপের প্রতিনিধিরাও আলোচনায় থাকবেন : ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার ও বুধবার আবুধাবিতে আলোচনার কথা রয়েছে। একই সময়ে প্যারিসে জি-৭ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা, ইউক্রেনকে যেন তার স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে নিতে বাধ্য করা না হয়।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো আরটিএল রেডিওকে বলেন, ‘এবার ইউরোপীয়রাও প্রতিনিধিত্ব করবে। এই আলোচনায় অংশ নিতে ফ্রান্স আবুধাবিতে থাকবে।’
রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ‘পুরো ইউরোপকে’ অন্তর্ভুক্ত করে একটি ‘বড় ধরনের’ চুক্তির সম্ভাবনার কথা বলে ট্রাম্প যুক্তরাষ্ট্রের নীতিতে রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ার আশঙ্কা তৈরি করেছেন।





