রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ১৩ জনের মৃত্যু 

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৯৮ জন।

শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩৭৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৬৯৯ জনে।

এর আগে ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর মৃত্যু হয় ৪১৩ জনের। এছাড়া ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের।

এদিকে দেশে হাম পরিস্থিতিও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হাম-সদৃশ উপসর্গ নিয়ে ১ হাজার ১১৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২২ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৬৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৬৩ জন, চট্টগ্রামে ২২৯ জন, বরিশালে ৯১ জন, খুলনায় ৭০ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ২৬ জন, রাজশাহীতে ১২ জন এবং সিলেটে ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৯৫ হাজার ৫১৪ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬০৫ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮৮৪ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৩২৪ জন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top