ফরিদপুরের বোয়ালমারীতে অনলাইনভিত্তিক কুরআন ও সুন্নাহভিত্তিক রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) উপজেলার দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এ আয়োজন শুরু হয়। ‘রুকইয়াহ ও তদবীর শিক্ষা কার্যক্রম’ এবং দুর্গাপুর বটতলা শামসুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন কোর্সের শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আয়োজক ও আশ-শেফা রুকইয়াহ ও তদবীর সেন্টারের চিকিৎসক মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা অনলাইন শিক্ষার্থীদের সরাসরি একত্রিত করা, পারস্পরিক পরিচিতি ও সৌহার্দ্য বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ তৈরির লক্ষ্যেই এ মিলনমেলার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির প্রথম পর্বে সকাল ৯টা থেকে রুকইয়াহ ও তদবীরের ব্যবহারিক প্রশিক্ষণ, সরাসরি প্রশ্নোত্তর এবং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি প্রশ্ন করার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা ও জিজ্ঞাসা তুলে ধরার সুযোগ পান। এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ীর দয়াগঞ্জে শাকের পার্ক পার্টি সেন্টারে রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ব্যাচ ও ঠওচ ব্যাচের সমাপনী মিলনমেলা- ২০২৬ অনুষ্ঠিত হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী রাকীদের কুরআনী রুহানি চিকিৎসার অনুমতি প্রদান এবং ৩৩তম ও ঠওচ ব্যাচের শিক্ষার্থীদের পৃথক সার্টিফিকেট দেওয়া হয়। কুরআন-সুন্নাহভিত্তিক বিশুদ্ধ জ্ঞানচর্চার উদ্যোগ শিক্ষা কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে মুফতী নাইমুল ইসলাম ফরিদপুরী বলেন, বর্তমানে অনেক মানুষ জিন, জাদু ও বদনজরসহ বিভিন্ন সমস্যার সমাধানে শরিয়তসম্মত রুকইয়াহ সম্পর্কে জানতে আগ্রহী।
এ প্রেক্ষাপটে কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞান অর্জন, শিরক ও কুসংস্কারমুক্ত চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং দায়িত্বশীলভাবে মানুষের সেবা করার যোগ্যতা গড়ে তোলাই এ শিক্ষা কার্যক্রমের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানো এবং মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
এদিকে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ মাগরিব মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন রাখা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূরদূরান্তের শিক্ষার্থীদের কাছে দ্বীনি শিক্ষা পৌঁছে দেওয়ার পাশাপাশি এ ধরনের সরাসরি মিলনমেলা ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও দ্বীনি খেদমতে সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।





