পবিত্র কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গঠন এবং দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ নাগরিক তৈরির প্রত্যয়ে রাজধানীর কামরাঙ্গীরচরে এগিয়ে চলছে নিদাউল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির উদ্যোগে কুরআনের সবক প্রদান, বার্ষিক স্পিচ কম্পিটিশন, অভিভাবক সমাবেশ, কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. হামিদুর রহমান হামিদ। জামিয়া নুরিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী দা.বা.-এর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরআনের সবক প্রদান করেন শায়েখ আহমদ বিন ইউসুফ আল-আযহারী হাফি.। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বি.কে. ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শায়েখ আল্লামা মাহমুদুল হাসান দা.বা.।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে বার্ষিক স্পিচ কম্পিটিশনের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। পাশাপাশি অভিভাবক
সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় অনুশাসন ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।
এতে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষে আরজগুজার ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল ও নিদাউল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম। প্রতিষ্ঠানটি কওমি, আলিয়া ও ইংলিশ মিডিয়াম শিক্ষাধারার সমন্বয়ে আরবি, ইংলিশ ভার্সন ও জেনারেল সেকশনে পাঠদান করছে। এখানে নূরানী, নাজেরা, হিফজুল কুরআন, হিফজ রিভিশন, মাদানী নেসাব (প্রথম থেকে চতুর্থ বর্ষ) এবং প্লে থেকে একাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার ব্যবস্থা রয়েছে।
পাশাপাশি এসএসসি, এইচএসসি, দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির বিশেষ উদ্যোগ হলো, প্লে থেকে পঞ্চম শ্রেণির মধ্যেই হিফজুল কুরআন সম্পন্ন করার সুযোগ। শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার পথ সুগম করতে বিদেশে উচ্চশিক্ষা, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন এবং ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ
বিভিন্ন পেশায় দক্ষ হওয়ার উপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করছে। শিক্ষার্থীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ক্যাম্পাস, সার্বক্ষণিক সিসিটিভি পর্যবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি আবাসিক, অনাবাসিক ও
ডে-কেয়ার সুবিধা রয়েছে।
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের আয়োজিত প্রতিযোগিতা, হুফ্;ফাজ ও বেফাকের প্রতিযোগিতা এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে একাধিকবার সেরা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছে মাদরাসাটি। সফলতার দশম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছে। মাদরাসার প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল হাফেজ মাওলানা ক্বারী শহীদুল ইসলাম একজন শিক্ষাবিদ ও গবেষক। তিনি বি.এ (অনার্স), এম.এ (কামিল)ও আই.এ.ইউ ডিগ্রিধারী।একই সঙ্গে তিনি নিদাউল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটির লক্ষ্য কুরআনের হাফেজ ও দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ আলেম তৈরির পাশাপাশি আধুনিক শিক্ষায় দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা।





