জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একা বা কথিত প্রেমিকের সঙ্গে আবাসিক হোটেলে থাকার সুযোগ দিলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ পর্যটন নিশ্চিতকরণ’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সভায় হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজন অংশ নেন।
সভায় শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারে অল্পবয়সী মেয়েদের কথিত প্রেমিকের সঙ্গে হোটেলে আসার ঘটনা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কাউকে হোটেলে থাকার অনুমতি দেওয়া আইনগতভাবে অপরাধ। এ ধরনের সুযোগ দেওয়ার কারণে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এসব বিষয়ে হোটেল মালিক ও ব্যবস্থাপকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পর্যটন ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, কেউ পরিবারের সঙ্গে এলে হোটেলে থাকতে পারবেন। তবে কথিত প্রেমিকের সঙ্গে এলে এবং প্রয়োজনীয় পরিচয়পত্র না থাকলে কোনোভাবেই থাকার অনুমতি দেওয়া যাবে না।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের নামও আলোচনায় এসেছে। নেতিবাচক প্রচারণার কারণে পর্যটকরা যেন কক্সবাজার থেকে বিমুখ না হন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, নিরাপদ পর্যটন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পর্যটনসংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
জেলা প্রশাসক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং পর্যটন ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।




