দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে হাজির হয়ে এ বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। জানা গেছে, গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যের অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন এ-সংক্রান্ত চিঠি দেন।
অনুসন্ধানের আওতায় রয়েছে কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলম। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবেই মেঘনা আলমকে তলব করেছে দুদক।
মেঘনা আলম একাধারে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। বর্তমানে তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রয়েছে তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।





