১৯ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার গ্রামের বাড়িতে হামলা চালানো হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে এসব হামলার ঘটনা ঘটে। তবে দুই বাড়িতে হামলা ও অগ্নিসংযোগে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে হামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। পুলিশ পাঠানো হচ্ছে। খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top