১৯ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

চট্টগ্রামে পুলিশের পিকআপ ভ্যান চুরি

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরে দিনে-দুপুরে জেলা পুলিশ লাইনের সামনে থেকে হালিশহর থানার একটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সদস্যরা গাড়িটি সড়কের পাশে রেখে খাবার খেতে গেলে এক ব্যক্তি সেটি নিয়ে পালিয়ে যান। এর আগে নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাড়ি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বলেন, ‘হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহল দলের সদস্যরা বের হয়েছিলেন। সম্ভবত তিনজন সদস্য ছিলেন। তারা গাড়িটি পুলিশ লাইনের সামনে রেখে পাশের রেস্তোরাঁয় খাবার খেতে যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার ও গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।’

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, তদন্তের পর ঘটনার বিস্তারিত জানানো হবে।

এদিকে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে নগরের মুরাদপুর এলাকায় একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বক্সের সামনে কাপড়জাতীয় কোনো একটি বস্তুতে আগুন দেওয়া হয়েছিল। পরে সেই আগুন পুলিশ বক্সে ছড়িয়ে পড়ে। জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। সকালে ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top