মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

পোশাকশ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ২৬০ মার্কিন ডলার (বর্তমান বিনিময় হারে প্রায় ৩২ হাজার টাকা) নির্ধারণের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।শনিবার সকালে অনুষ্ঠিত আইবিসির কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক জরুরি সভায় এই দাবি চূড়ান্ত করা হয়। পরে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, সিনিয়র সহসভাপতি আমিরুল হক, সহসভাপতি চায়না রহমানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দাম, যাতায়াত ও চিকিৎসা খরচ বৃদ্ধির ফলে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। বর্তমান মজুরিতে শ্রমিকদের পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রভাবে বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিম্ন আয়ের পোশাকশ্রমিকদের সংকটকে আরও ঘনীভূত করেছে।

আইবিসি উল্লেখ করে, উদ্ভূত পরিস্থিতিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখেই নিম্নতম মজুরি ২৬০ ডলার করার দাবি তোলা হয়েছে। শীঘ্রই অন্যান্য গ্রেডের মজুরিকাঠামো চূড়ান্ত করে নিম্নতম মজুরি বোর্ডের কাছে লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে।

উল্লেখ্য, পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ইতোমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্দেশ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠনে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধির নাম চেয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চিঠি পাঠিয়েছে। এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top