ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছেন তারা। দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিন দিন আগে শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবে এ বিক্ষোভ হয়। তেল আবিবের হোস্টেজেস স্কয়ার নামে পরিচিত জনচত্বরে বিক্ষোভকারীরা জড়ো হন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর দেশটিতে এটিই প্রথম সাধারণ নির্বাচন।
গাজায় তিন বছর আগে জিম্মি করে নিয়ে যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতিষ্ঠিত সংগঠন অক্টোবর কাউন্সিল এ বিক্ষোভের আয়োজন করে। ৭ অক্টোবরের হামলা ঠেকাতে সরকারের ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি আন্দোলন করে আসছে।
বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, সত্য উদঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে তিন বছরের আন্দোলনের সমাপনী কর্মসূচি হিসেবে এ সমাবেশ আয়োজন করা হয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, দেশটির অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিরোধী দলগুলোর নেতারাও অংশ নেন। বিক্ষোভে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ইয়াশার পার্টির গাদি আইজেনকট। তিনি নেতানিয়াহুর প্রধান মধ্য ডানপন্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, তেল আবিবে আইজেনকটকে স্বাগত জানিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দেন, ‘কে আসছেন? পরবর্তী প্রধানমন্ত্রী।’ ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলানও সমাবেশে উপস্থিত ছিলেন।
ইসরায়েলি নাগরিক ও আইনজীবী ড্যান আদিন এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, রাবিন স্কয়ার থেকে হোস্টেজেস স্কয়ার পর্যন্ত ডেমোক্র্যাটসের মিছিলে মানুষের ঢল নেমেছে। পরিবর্তন, আশা ও বিপ্লবের দাবিতে তাদের এ সমাবেশ। তিনি লেখেন, ‘কী উদ্দীপনা! এবার পুরোপুরি আমাদের পালা!’





