রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

‘ডি থ্রি’ টুর্নামেন্টের নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

দেশের ঘরোয়া ক্রিকেটের নতুন চমক ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি থ্রি’ টুর্নামেন্টকে ঘিরে মাতামাতি শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া তিন ফরম্যাটের এই প্রতিযোগিতার প্লেয়ার্স ড্রাফট বা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৬ অক্টোবর সকাল ১১টায়। রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এই নিলামে ৫টি ক্যাটাগরিতে নাম উঠছে ২৭০ জন ক্রিকেটারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজনে মোট ছয়টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দল ২৩ জন ক্রিকেটার নিয়ে তাদের স্কোয়াড গঠন করতে পারবে, যারা পরবর্তীতে তিন সংস্করণের প্রতিযোগিতাতেই অংশ নেবেন। ক্রিকেটার কেনার জন্য টাকার বদলে এবার ব্যবহার করা হবে পয়েন্ট। নিলাম পরিচালনার জন্য ভারত থেকে আসছেন আইপিএল খ্যাত চারু শর্মা।

‘ডি থ্রি’ টুর্নামেন্টে নিলামের সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জাতীয় দলের একঝাঁক তারকা। ২৩ জনের এই তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিকের মতো ক্রিকেটাররা।

তবে সর্বোচ্চ ক্যাটাগরিতে থাকার গুঞ্জন থাকলেও ‘সি’ ক্যাটাগরিতে জায়গা হয়েছে অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের। এই তালিকায় তার সঙ্গে আরও আছেন নাসির হোসেন, শুভাগত হোম, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম আহমেদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো ক্রিকেটাররা। ৬৮ জন ক্রিকেটার রয়েছে সি ক্যাটাগরিতে।

২৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ‘বি’ ক্যাটাগরিতে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সাব্বির রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও এবাদত হোসেন। অন্যদিকে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন ৫৩ জন ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছেন তরুণ ক্রিকেটার জাওয়াদ আবরার, আদিল বিন সিদ্দীক, রিফাত বেগ, কালাম সিদ্দিকী অলিন ও মারুফ মৃধা।

সবচেয়ে বেশি ১০১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। এর মধ্যে অনূর্ধ্ব-১৯ দলের তরুণদের একটি বড় অংশ রয়েছে। তরুণদের জন্য অভিজ্ঞদের সঙ্গে একই টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি করাই হতে পারে এই আয়োজনের অন্যতম আকর্ষণ।

নিলামের আগেই ছয়টি দল ১ জন করে আইকন ক্রিকেটার নিশ্চিত করে নিয়েছে। তাদের মধ্যে ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, সেভেন রিংস সিমেন্ট মুশফিকুর রহিমকে, ফরচুন তাওহীদ হৃদয়কে, একমি মোসাদ্দেক হোসেন সৈকতকে, এইচ ব্লু স্টার নুরুল হাসান সোহানকে এবং সিটিজেন্স ব্যাংক নিয়েছে নাঈম শেখকে।

এদিকে ক্রিকেটারদের নিলামের আগে কোচিং প্যানেলও চূড়ান্ত করেছে দলগুলো। ছয় দলের কোচিং দায়িত্বে দেখা যাবে মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো পরিচিত কোচদের।

প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটের তিন আসর—জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি, বিসিএল ওয়ানডে ও চার দিনের আসরকে এক ছাতার নিচে এনে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি সংস্করণ দিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এরপর জানুয়ারি মাসে হবে চার দিনের আসর এবং মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের টুর্নামেন্ট।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top