শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

চাকরি থেকে বরখাস্ত হলেন হারুন অর রশীদ

অনলাইন ডেস্ক

বহুল আলোচিত সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে অনুপস্থিত থাকা এবং কর্মস্থল ত্যাগের অভিযোগে হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছিল। তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো লিখিত জবাব দেননি।

পরবর্তী সময়ে নিয়োজিত তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে হারুন অর রশীদের বিরুদ্ধে আনা ‘পলায়ন’ (Desertion) অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী তার বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড আরোপ করা হয়েছে।

হারুন অর রশীদ একসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের অপরাধ ও অপারেশনস বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও বিতর্কের মুখে পড়েন এই পুলিশ কর্মকর্তা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, তার বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top