শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন।

এর আগে দুপুর সোয়া ২টার দিকে আসামি দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় আসামি দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা তাহসিফ। পরদিন ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, ঘটনার দিন নিহত সাউরিকে নিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ উদঘাটন, জড়িত অন্যান্য আসামিদের শনাক্তকরণ, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত ও নিহতের ব্যক্তিগত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধের মূল স্থান চিহ্নিত করতে রিমান্ড অপরিহার্য বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানান। শুনানিকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার পরদিন তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ এ মামলায় দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখায়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top