শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

‎১৫ বছর পর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে চমক সৃষ্টি করলেন রীতি খাতুন

কালাই

‎শিক্ষার যে কোনো বয়স নেই এবং প্রবল ইচ্ছা থাকলে যেকোনো বাধা পেরিয়ে লক্ষ্য অর্জন করা সম্ভব তা আবারও প্রমাণ করলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের গৃহবধূ রীতি খাতুন। এসএসসি পাসের দীর্ঘ ১৫ বছর পর পড়াশোনায় ফিরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন তিনি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় তাঁর এই অসামান্য সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও পুরো এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার।

‎​জানা গেছে, ১৫ বছর আগে এসএসসি পাস করলেও পারিবারিক নানা ব্যস্ততা ও প্রতিকূলতার কারণে সে সময় পড়াশোনায় বিরতি ঘটেছিল রীতি খাতুনের। তবে তাঁর মনের ভেতর পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য বাসনা সবসময়ই ছিল। তাঁর স্বামী আব্দুল আলিম মণ্ডলের আন্তরিক অনুপ্রেরণা ও পূর্ণ সহযোগিতায় দীর্ঘ বিরতি ভেঙে তিনি আবারও নতুন উদ্যমে পড়াশোনা শুরু করেন।

‎​পরিবারের দায়িত্ব সামলানোর পাশাপাশি কঠোর অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং দৃঢ় মনোবল বজায় রেখে তিনি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন এবং কাঙ্ক্ষিত জিপিএ-৫ অর্জন করে সফলতার মুখ দেখেন।

‎​রীতি খাতুনের এই অনুপ্রেরণাদায়ক সাফল্যে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী। অনেকেই মনে করছেন, রীতি খাতুনের এই অদম্য পথচলা সমাজের অন্যান্য নারীদেরও নতুন করে শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করতে এবং স্বপ্ন পূরণে সাহস জোগাবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top