গাজীপুর মহানগরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় একটি পোশাক কারখানার কার্টন গুদামে লাগা আগুন প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশের ফায়ার স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেওয়া হয়। মোট নয়টি ইউনিটের চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। গুদামে কার্টন, সুতা ও অন্যান্য দাহ্য কাঁচামাল মজুত থাকায় মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজরুজ্জামান গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে নয়টি ইউনিট কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





