রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

বিক্ষোভে উত্তাল ইতালি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ

ফ্রান্সের পর এবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইতালি। দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এদিকে সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। এছাড়া মিলানসহ ২২টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালিয়েছে কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, ইতালির বিভিন্ন শহরে শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোম, তুরিন ও বোলোনিয়ায় কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। দেশটির সংবাদ সংস্থা আনসার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরিনে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল ও আতশবাজি ছুড়লে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। রোমেও মিছিল চলাকালে বোতল ছোড়ার পর জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বোলোনিয়ায় বিক্ষোভকারীরা বোতল ও পটকা ছুড়লে পুলিশ তাদের পিছু হটিয়ে দেয়। এ ছাড়া মিলান ও ফ্লোরেন্সেও উত্তেজনা দেখা দেয়। এসব শহরে কেন্দ্রীয় এলাকার কয়েকটি অংশে বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকিয়ে দেয় পুলিশ।

এর আগে গত সপ্তাহান্তে বিক্ষোভ চলাকালে সংঘটিত অস্থিরতার তদন্তের অংশ হিসেবে মিলান, পাশের শহর মনজা এবং আরও ২০টি শহরে দেড় শতাধিক স্থানে তল্লাশি চালানো হয়েছে।

আনসার প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশকে হুমকি দেয়া, তাদের ওপর হামলার পরিকল্পনা, যানবাহনের ক্ষতিসাধন এবং ভবনে আগুন দেয়ার ষড়যন্ত্রের অভিযোগের তদন্তের সঙ্গে এসব তল্লাশির সম্পর্ক রয়েছে।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেছেন, যেসব শহরকে বিশেষভাবে সংবেদনশীল বলে বিবেচনা করা হচ্ছে, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সহিংসতার বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top