রবিবার, ১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী ও কাশিমপুর শিল্পাঞ্চলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেন তারা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা বাইপাস থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।পরে কোনাবাড়ী এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করেন। এ ছাড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান বলেন, শ্রমিকরা চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। যান চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মো. আমজাদ হোসেন বলেন, সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে আসেন। পরে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top