২৪ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত ১৭ নভেম্বর সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ড শেষে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে ফের সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক। আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়— ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেয় ১৪ বছর বয়সী আব্দুল মোতালেব। এ সময় বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ অগাস্ট মোতালেবের বাবা আব্দুল মতিন ধানমন্ডি থানায় ওই হত্যা মামলা করেন।

মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনেরও নাম ছিল।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি-১।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top