দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে সরকারি নিম্নতম মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে বৈঠক শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে মজুরি বোর্ডে নতুন করে আরও দুইজন প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে। একই সঙ্গে পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, সে বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ তাদের পৃথক লিখিত প্রস্তাব জমা দেবে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের বিভিন্ন স্তরের শ্রমিক ও কর্মচারীদের জন্য গ্রহণযোগ্য নিম্নতম মজুরির সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হচ্ছে। উভয় পক্ষের প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
এর আগে রোববার (৮ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা দ্বিতীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে। নির্ধারিত আলোচ্যসূচিতে মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব গ্রহণ এবং সার্বিক মজুরি সুপারিশ তৈরির রূপরেখা নির্ধারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
পোশাকশ্রমিকদের ধারাবাহিক আন্দোলন ও দাবি-দাওয়ার পর গত ১ নভেম্বর গার্মেন্টস খাতের বেতন-ভাতা পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি বিশেষ নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। একই দিন এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও বাজারদর বিবেচনায় একটি বাস্তবসম্মত ও সম্মানজনক মজুরি কাঠামো নির্ধারণই বোর্ডের লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের বৈঠকে মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা পড়ার পর নতুন মজুরি কাঠামো নির্ধারণের পরবর্তী ধাপ আরও স্পষ্ট হবে।





