মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করছে।

সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থানসহ সার্বিক বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়েও তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়।

রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হলে তিনি তা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top