হাসপাতাল মর্গে লাশের সঙ্গে বিকৃত যৌনাচার নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় আলাপ-এর বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বুধবার ঢাকার মিরপুর থানায় সাধারণ ডায়েরি দায়ের (জিডি) করেছেন ভূক্তভোগী দিপু। তার অভিযোগ এ ঘটনায় মর্গের সাবেক সহকারী নূরে আলম শান্ত জড়িত।
জিডিতে উল্লেখ করা হয়েছে, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির পর সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য সংগ্রহের প্রেক্ষাপটে তাকে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। এই ঘটনার পিছনে একটি সিন্ডিকেট জড়িত থাকার কথাও জানিয়েছেন তিনি। গত ১৮ই অক্টোবর আলাপ-এর ওয়েবসাইটে প্রকাশিত হয় “ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?” শীর্ষক প্রতিবেদন। আলাপ-এর স্যোশাল মিডিয়া হ্যান্ডেলগুলোতেও প্রকাশিত হয় ডিজিটাল প্রতিবেদনটি।
প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে মৃত নারীদের সঙ্গে বিকৃত যৌনাচারের বিষয়। সেই প্রতিবেদন তৈরীতে অভিযুক্ত দুজন ব্যক্তির বক্তব্য নেওয়া হয়। এদের একজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গের সাবেক ইনচার্জ যতন লাল, অপরজন সেখান থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্ত। দিপু সিকদারের করা জিডি অনুযায়ী, প্রতিবেদনটি প্রকাশের পর সাবেক সেই মর্গ সহকারী নূরে আলম শান্ত ফোন করে তাকে বিভিন্ন হুমকি-ধামকি দেওয়া শুরু করে এবং ‘কোর্টে দেখা হবে’ বলে দিপুকে একটি মেসেজও পাঠান শান্ত।
এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। এক বিবৃতিতে ক্র্যাব বলেছে, অনুসন্ধানী সাংবাদিকতা জনস্বার্থ রক্ষা, অনিয়ম উদ্ঘাটন এবং জবাবদিহি নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক। দিপু সিকদারের করা অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি বলে ক্র্যাবের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানিয়েছে সংগঠনটি।





