২২ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৪

অনলাইন ডেস্ক

দক্ষিণ নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবিতে ২৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) এই দুর্ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জরুরি পরিষেবা ও পুলিশ কর্তৃপক্ষ।নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে জানান, দেশের বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।

যাত্রীরা নৌকাচালককে ডাঙ্গার দিকে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা মানতে অস্বীকার করেন। দুর্ঘটনার পরপরই নৌকাচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।তবে এ ঘটনায় নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌকাচালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে বায়েলসার তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top