মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. রশীদুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে মামলাগুলো করেন।

দুদকের মামলার বিবরণ অনুযায়ী, সাবেক এমপি রশীদুজ্জামানের নামে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তার ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ পেয়েছে দুদক।

অন্যদিকে, শেখ মো. ফারুক আহমেদের নামে এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের বিপরীতে এক কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার স্ত্রী কেসিসির সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করেছে দুদক। শুনুর সম্পদ অর্জনে ফারুক আহমেদ সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে। দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এই মামলা করা হয়েছে। পরবর্তীতে মামলার বিষয়ে আরও অধিকতর অনুসন্ধান চলমান থাকবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top