২৮ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তার রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘দলের মধ্যে দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধূলিস্যাৎ হতে দেওয়া হবে না। দু-একজন মাদক কারবারির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দলকে আমি নস্যাৎ হতে দিতে পারি না।’

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, ‘মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চোখ-কান বন্ধ করে কাজ করতে হবে। আপনারা আইন মেনে স্বাধীনভাবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবেন।’

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘এই দু-একজন মাদক কারবারি ও চাঁদাবাজ বিএনপির নাম ভাঙিয়ে চলছে। এরা দলের কঠিন সময়ে পাশে থাকবে না। আওয়ামী লীগের সঙ্গে এরা এখনো গোপনে আঁতাত করছে, গোপনে আশ্রয় দিচ্ছে। বিগত ১৭ বছরে এই চক্রটি আওয়ামী লীগের সঙ্গেই মিলেমিশে ছিল। এ ধরনের কাউকে বিএনপিতে দরকার নেই।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘একজন-দুইজন চাঁদাবাজি করবেন আর সমাজে বদনাম ছড়াবে বিএনপির; যে বিএনপির নাম করে চাঁদাবাজি করছেন, তাঁদের এ সমাজে টিকে থাকার অধিকার নেই। আমি প্রশাসনকে বলব, এরপর কারও বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এলে চোখ-কান বুজে তাঁকে গ্রেপ্তার করবেন। এরা বিএনপির জন্য জঞ্জাল; দলের জন্য আবর্জনা ও বোঝা। এ বিষয়টি মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন, আমি আপনাদের সঙ্গে আছি।’

পরে শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকার ১১৯টি সামাজিক, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৯৫ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top