বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে পড়ে দেশের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এর যথাযথ সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের কবরে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ ডা. মিলনের মা তাঁর সন্তানের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান।
রুহুল কবির রিজভী আরও বলেন, বিশ্বের সব দেশের গণতন্ত্রের রূপ এক নয়; রাষ্ট্রকাঠামো অনুযায়ী এর ধরন ভিন্ন হয়ে থাকে। তিনি অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শাসনকে টিকিয়ে রেখেছিল নব্বইয়ের স্বৈরাচারীরা এবং জাসদেরও গণতন্ত্রবিরোধী চিহ্নিত ইতিহাস রয়েছে।





