২১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

রোহিঙ্গা গণহত্যার দায় এড়াতে পারবে না মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ন্যায়বিচারের নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার ঐতিহাসিক এ রায় ঘোষণার পরদিন সকাল পৌনে ৯টার দিকে উখিয়ার ৪ নম্বর ক্যাম্পের ফুটবল মাঠে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী। সকাল ৮টা থেকেই সেখানে জড়ো হওয়া হাজারো রোহিঙ্গা করতালির মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

বক্তব্যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান বলেন, আন্তর্জাতিক বিচার আদালত রায় দিয়েছে, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। এই আদালতের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করা হলো। এ রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দীর্ঘ লড়াইয়ে নতুন সূচনা হলো।

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিতে বক্তব্যের মূল অংশ ইংরেজিতে প্রদান করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইসিজের রায় বাস্তবায়নে মিয়ানমারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। গণহত্যার জন্য দায়ীদের বিচার নিশ্চিত করা, প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধের নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন, হারানো ঘরবাড়ি ও সম্পত্তির অধিকার ফিরিয়ে দেওয়া এবং যথাযথ ক্ষতিপূরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে রোহিঙ্গাদের উদ্দেশে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বিশেষ বার্তা পাঠ করে শোনান জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। বার্তায় গুতেরেস আইসিজের রায়কে গণহত্যার শিকার রোহিঙ্গাদের জন্য শক্তিশালী স্বীকৃতি উল্লেখ করে বলেন, ভয়াবহ অপরাধের দায়মুক্তি চলতে পারে না। আইসিজের এই রায় চূড়ান্ত এবং এটি মানা মিয়ানমারের জন্য বাধ্যতামূলক।

জাতিসংঘ মহাসচিবের বার্তায় ২০১৭ সালে রাখাইনে ১০ হাজারের বেশি মানুষকে হত্যা, ধর্ষণ ও চরম নির্যাতনের ভয়াবহ চিত্র আদালতে উঠে আসার বিষয়টি উল্লেখ করা হয়। অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং রোহিঙ্গা সংকটের মূল কারণ সমাধানে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান তিনি।

রোহিঙ্গা সংকটের দশম বছরে পদার্পণের প্রাক্কালে কক্সবাজার ও ভাসানচরে আশ্রিত রোহিঙ্গাদের সুরক্ষা ও মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনের উপযোগী পরিবেশ মিয়ানমারেই তৈরি করতে হবে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top