২০ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ষড়যন্ত্র ও গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির

নিউজ ডেস্ক

পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল (নারী ও পুরুষ) চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দেশের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব কিংবা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবেও গ্রহণের উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে খেলাধুলা একটি ভালো মাধ্যম।’

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলায় আরও ভালো ফল অর্জনের লক্ষ্যে পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে শিরোপা জিতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ফাইনালে ঢাকা রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। অন্যদিকে, নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এপিবিএন। ফাইনালে তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) পরাজিত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইজিপি। এতে সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ সময় আইজিপি বিচ ভলিবলের জার্সিও উন্মোচন করেন। পরে তিনি ফাইনাল খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬ শুরু হয়। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৩টি এবং নারী বিভাগে ছয়টি দল অংশ নেয়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top