শনিবার, ৭ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার

সুস্থ শিশু, সুন্দর আগামী’—এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুই শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে সামাজিক ও মানবিক সংগঠন ‘উই ক্যান চেঞ্জ’ (ডব্লিউসিসি)-এর উদ্যোগে এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করেন। সংগঠনটির চেয়ারম্যান, ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকেরা এ কার্যক্রমে অংশ নেন।

ক্যাম্পে দুই শতাধিক শিশুকে বিভিন্ন রোগের চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয় এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল বলেন, শিশুরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে শৈশব থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা জরুরি। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার শিশুদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিতে পারে না। এসব শিশুর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসার পাশাপাশি শিশুদের পুষ্টি, পরিচর্যা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top