বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

মানিকগঞ্জে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক: 

জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মানিকগঞ্জের পদ্মা ও যমুনা নদীতে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
অভিযানে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা মা ইলিশ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ আলী শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এবং পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন।

এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড, থানা-পুলিশ, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top