জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান। একমাত্র প্রার্থী হওয়ায় এ আসনে আর ভোটের প্রয়োজন হচ্ছে না।
সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় রোববার বিকেল ৪টার মধ্যে এলিজা জামান মনোনয়ন প্রত্যাহার না করায় তার নাম চূড়ান্ত প্রার্থী তালিকায় প্রকাশ করা হয়েছে। তালিকায় একমাত্র প্রার্থী থাকায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে ২৬ অক্টোবর তিনি মনোনয়নপত্র জমা দেন। পরদিন যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণের কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তা আর অনুষ্ঠিত হচ্ছে না।
বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়। মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিতর্কের মুখে তাকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এলিজা জামান বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।





