শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

ব্যালন ডি’অর জয়ের আশায় ইয়ামালের রাজকীয় প্রস্তুতি

ব্যালন ডি’অর জিতলে উদ্‌যাপনটা কেমন হবে, সেই পরিকল্পনা আগেভাগেই সেরে রাখছেন লামিনে ইয়ামাল। গতবারের মতো এবারও শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকাই নয়, বরং ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত স্বীকৃতি জয়ের আশায় বিশেষ প্রস্তুতি নিচ্ছেন বার্সেলোনার এই তরুণ তারকা। সে জন্য পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে লন্ডন যাওয়ার ব্যবস্থাও করেছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দিপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, এবারের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদী ইয়ামাল। পুরস্কারটি জিতলে পরিবারের সঙ্গে আনন্দ উদ্‌যাপনে খরচের ব্যাপারে কার্পণ্য করতে চান না তিনি। সেই ভাবনা থেকেই লন্ডনযাত্রার আয়োজনও হচ্ছে বড় পরিসরে।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী সোমবার (২৬ অক্টোবর) ব্যক্তিগত উড়োজাহাজে লন্ডনে যাবেন ইয়ামাল। তার সঙ্গে থাকবেন মা শেইলা এবানা, বাবা মুনির নাসরাউই, সঙ্গী ইনেস গার্সিয়া, পরিবারের সদস্য, বন্ধু ও ঘনিষ্ঠজনেরা। ইয়ামালের ব্যবস্থাপনা দলের সদস্যরাও এই সফরে থাকবেন।

তবে আগাম প্রস্তুতি নিলেই যে পুরস্কার নিশ্চিত, তা নয়। গত বছরও ব্যালন ডি’অর জয়ের আশায় প্যারিসে উদ্‌যাপনের পরিকল্পনা করেছিলেন ইয়ামাল। শেষ পর্যন্ত পুরস্কারটি জেতেন উসমান দেম্বেলে। ফলে অনুষ্ঠান শেষে ট্রফি ছাড়াই ফিরতে হয়েছিল ইয়ামালকে। অবশ্য সেবার সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের স্বীকৃতি হিসেবে কোপা ট্রফি জিতেছিলেন তিনি।

এবার ব্যালন ডি’অরের ৭০তম আসর বসছে লন্ডনে। ১৯৫৬ সালে পুরস্কারটির প্রথম বিজয়ী ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্যানলি ম্যাথিউস। পুরস্কারের ইতিহাসের এই বিশেষ মাইলফলক সামনে রেখে এবার তার দেশেই আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানটি।

গত তিন বছর ধরে ব্যালন ডি’অর আয়োজনের সঙ্গে যুক্ত আছে উয়েফা। লন্ডনের ওয়েস্ট এন্ড এলাকায় লন্ডন প্যালাডিয়ামে স্থানীয় সময় রাত ৯টায় শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টা।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top