পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন তারা। সেখানেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার গঞ্জমতি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রব্বেল হোসেন (২২), শাহজাহান আলীর ছেলে মিজান আলী (১২), মনিরুল ইসলামের ছেলে সাজিদ হোসেন (১০), শাহাদত প্রামানিকের ছেলে আব্দুল্লাহ প্রামানিক (১৮) এবং ইবাদুল হোসেনের ছেলে ইমন হোসেন (১৪)। নিহতদের মধ্যে মিজান, সাজিদ, আব্দুল্লাহ ও ইমন পরস্পরের চাচাতো ভাই।
আহত দুজন হলেন গঞ্জমতি গ্রামের আতাপ আলীর ছেলে রিপন (৩২) এবং অজ্ঞাতপরিচয় ১৪ বছর বয়সী এক ব্যক্তি। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কয়েকজন সোনাপাতিল বিলে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি জেলেদের ছাউনিতে আশ্রয় নেন। কিছুক্ষণ পর সেখানে বজ্রপাত হলে ছয়জনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।
পাবনা সদর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা আহমদ আলী সরকার জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিরা সবাই কৃষক পরিবারের সন্তান। তাদের পরিবারের তথ্য তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। সরকারি সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
একসঙ্গে ছয়জনের প্রাণহানির ঘটনায় সোনাপাতিল বিল ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।





