২২ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের সেনাসদরে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। তারা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

এর আগে সকালে কুর্মিটেলায় শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা একযোগে পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ শুরু করেন। ঐতিহাসিক এ দিনটির স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

দিবসটি উপলক্ষে দেশের সেনানিবাস, নৌঘাঁটি ও বিমান বাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top