১৬ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাংলার দামাল সন্তানেরা সাহসী: স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পৃথিবীর যেকোনো জাতির তুলনায় বাংলার দামাল সন্তানেরা বেশি সাহসী। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যরা জীবন উৎসর্গ করতেও কখনো পিছপা হননি। দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করা অত্যন্ত গৌরবের বিষয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ভেটেরানস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, তিনি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। সামরিক বাহিনীর সদস্য হওয়ার পাশাপাশি রাওয়ার সদস্য হওয়াও তাঁর কাছে গৌরবের। সামরিক বাহিনীতে কাটানো আট বছরকে জীবনের শ্রেষ্ঠ সময় বলেও উল্লেখ করেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ওই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন সেনাবাহিনীর পাঁচটি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। তবে মুক্তিযুদ্ধের পর এই রেজিমেন্টের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার পরপরই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষায় প্রশিক্ষণ ছাড়াই এ দেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়েছিল।

স্পিকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের উন্নয়নে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। বিগত ১৫ বছরের শাসনামল ছিল দুঃশাসনের ইতিহাস। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতা বীরত্ব ও সাহসিকতার পরিচয় দিয়েছে। সেই আন্দোলনে আবু সাঈদ উদ্যত সঙ্গিনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। অভ্যুত্থানে সামরিক বাহিনীও সহায়ক ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে সংঘটিত যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্পিকার। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও ধৈর্যের সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। এ সময় এমসি কলেজের যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের বীরত্বের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক সেনাসদস্য ও কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top