বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

তাহসিফের মৃত্যুরহস্য উদঘাটনে শেখ হাসিনার সেই ভিডিও নিয়েও তদন্ত

নিউজ ডেস্ক

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য উদঘাটনে তাঁর বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে পুনরায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

বুধবার (০৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফায় চার দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড চায় পুলিশ।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও করে প্রকাশ করেছিলেন তাহসিফ। সেই ঘটনার প্রতিশোধ হিসেবে তাঁর ওপর কোনো আক্রমণ হয়েছে কি না, নাকি প্রেমের টানাপোড়েন থেকে এটি ঘটেছে সব বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনার আগে তাহসিফের সঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ ও স্থানে ঘোরাঘুরি করেছিলেন দিশা। জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য এড়িয়ে যাওয়ায় এবং মামলার অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে অমিল থাকায় পুনরায় রিমান্ডের প্রয়োজন ছিল।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে দাবি করেন, দিশা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন এবং তাহসিফ তাঁকে রাত ১২টার দিকে নিরাপদে বাসায় পৌঁছে দিয়েছিলেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে সাবেক এই সেনা কর্মকর্তার ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে ২৭ অক্টোবর সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top