চার দিনের মধ্যে একই বাসায় সন্ত্রাসীরা দুইবার হামলা চালিয়েছে। প্রথমবার হামলার পর ঐদিনই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গত ৬ নভেম্বর সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। এরপর গত ৯ নভেম্বর পুনরায় হামলার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে পরিবারের নারী ও শিশুদের ভীতি প্রদর্শন করে। উভয় ঘটনায়ই ৯৯৯ এ ফোন করার পর পুলিশ আসায় সন্ত্রাসীরা চলে যায়। এ পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার বিবরণে জানা যায়, সাভারে ক্ষুদ্র ঋণ প্রদানের পর ব্লাঙ্ক চেক নিয়ে তা ব্যবহার করে বিভিন্নজনের সাথে প্রতারণাপুর্বক মামলা করে অর্থ আদায় করছে দেওয়ান মোবারক হোসেনের নেতৃত্বাধীন একটি দুর্বৃত্ত চক্র। বিগত ও বর্তমান সরকারের আমলে এ চক্র সমানভাবে সক্রিয়। চক্রটি প্রথমে ভুক্তভোগীর নামে মামলা করে ও পরে আদালতকে ব্যবহার করে রায় নিয়ে ভুক্তভোগীর বাসাবাড়িতে সন্ত্রাসীদের নিয়ে হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায় করে। এমনি প্রতারণার শিকার সাভারের ৩ নং তারাপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম খান। তার অনুপস্থিতিতে গত শুক্রবার তার তারাপুরের বাসায় হানা দেয় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ ৭/৮ সদস্যের একটি সন্ত্রাসী দল। তারা বাসাটিতে গিয়ে প্রথমে নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে দরজায় লাথি মারতে থাকে। এসময় ভুক্তভোগীর স্ত্রী তিনি(স্বামী) বাসায় নেই জানালে আগত ব্যক্তিরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও দরজায় লাথি মারার মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃস্টি করে। সেইসাথে পরিবারের সবাইকে প্রাননাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করতে থাকে।
বাসায় থাকা নারী ও শিশুরা এসময় আতঙ্কিত হয়ে যায়। ভুক্তভোগীর স্ত্রী আগতদের এহেন আচরণে পুলিশ নয় মর্মে সন্দেহ হলে ৯৯৯ এ কল করেন। এরমধ্যে পুলিশ ও প্রতিবেশীরা আসার পর তারা চলে যায়। পুলিশ এসময় সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে ভুক্তভোগীর স্ত্রী গত শুক্রবার রাতেই সাভার থানায় সাধারণ ডায়েরি করেন। এরই মধ্যে গত সোমবার সন্ধ্যায় দেওয়ান মোবারক হোসেন ও কবিরসহ প্রায় ১৫/২০ জন সন্ত্রাসী আবারও ঐ বাসায় হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকি দেয়। আবারও পরিবারটির পক্ষ থেকে ৯৯৯ এ ফোন করার পর পুলিশ আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ভুক্তভোগী পরিবারটিকে আবারও থানায় যাবার পরামর্শ দেন। কিন্তু থানায় যাবার পর পুলিশ আওয়ামী লীগের কর্মসূচীর কারণে ব্যস্ততার কথা বলে পরে আসতে বলে।





