রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এর মধ্যে ৮০ শতাংশ স্বাস্থ্যকর্মীই নারী হবেন।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস’ (আইদেশি)-এর এক যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
ডা. জুবাইদা রহমান বলেন, “স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যেগুলো সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।”
তিনি আরও বলেন, “নিয়োগপ্রাপ্ত এক লাখ স্বাস্থ্যকর্মী রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।”
তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, “কাজের ধীরগতির কারণে তাঁরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাঁদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, এই কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সাহায্য করছে।”
বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরীর প্রতিষ্ঠিত আইদেশি বৈজ্ঞানিক গবেষণা ও মানুষের বাস্তব স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে ব্যবধান দূর করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্যক্তিগত পুরস্কার ও পুরস্কারের অর্থায়নে একটি ছোট গবেষণাগার হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ১০০ জনের বেশি সহকর্মী, গবেষক ও আন্তর্জাতিকমানের একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, নারীর স্বাস্থ্য, বায়োলজিক্যাল পণ্যের ভবিষ্যৎ, সংক্রামক রোগ এবং জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন আইদেশির চেয়ারম্যান আশফাক কাদরী। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদিরও বক্তব্য দেন।




