মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন গ্লেন ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ওয়ানডে ও চার দিনের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) প্রকাশিত ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টের এক পর্বে নিজের অবসরের কথা জানান ম্যাক্সওয়েল। শরীরের যত্ন নেওয়া এবং ক্যারিয়ারের বাকি সময়টুকুতে ফিটনেস ধরে রাখার ওপর গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডে, ১৩০টি টি-টোয়েন্টি ও সাতটি টেস্ট খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৭ হাজারের বেশি রান এবং ১৩৬টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি।

ম্যাক্সওয়েলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস। চোট ও শারীরিক অস্বস্তির মধ্যেও মাত্র ১২৮ বলে এই ইনিংস খেলেন তিনি।

তার অসাধারণ ব্যাটিংয়ে ৯১ রানে ৭ উইকেট হারানোর পরও জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে ২০২৫ সালের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যান। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল জাতীয় দলের জার্সিতে তার শেষ আন্তর্জাতিক উপস্থিতি। ওই ম্যাচে বল হাতে দুটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার আশা ছিল ম্যাক্সওয়েলের। তবে দল ঘোষণার পর সেই সম্ভাবনা আর থাকেনি। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে তিনি বুঝতে পারছেন বলেও জানিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন ম্যাক্সওয়েল। ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত দলটির সঙ্গে চুক্তি রয়েছে তার।

সূত্র: আইসিসি

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top