চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে শুরু হয়েছে কথার লড়াই। একসময় অপুকে বাংলা চলচ্চিত্রের রানি আখ্যা দিয়ে প্রশংসা করা পরীমনিই সম্প্রতি তাঁকে কটাক্ষ করে ‘পরগাছার রানি’ বলেছেন। এর জবাবে পরীমনিকে নিজের পর্যায়ে পৌঁছে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন অপু। দুই নায়িকার এমন পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
রোববার (১৫ নভেম্বর) একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরীমনিকে উদ্দেশ করে অপু বিশ্বাস বলেন, ‘তার লেভেলে এসে তারপর তাকে নিয়ে পোস্ট দিতে।’
এ সময় পরীমনির অভিনীত সিনেমার সংখ্যা ও সাফল্য নিয়েও মন্তব্য করেন অপু। তাঁর দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ। বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন। অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলবো।’
দুই অভিনেত্রীর মধ্যে এই বাকযুদ্ধের শুরু অপুর একটি ভিডিওবার্তাকে কেন্দ্র করে। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন না।’
অপুর বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন পরীমনি। সেখানে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তাঁর মন্তব্যে অপু বিশ্বাসকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
স্ট্যাটাসে পরীমনি লেখেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সঙ্গে ক্লিয়ার হন, কী বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসাডর হতে পারে না।’
একই পোস্টে অপুকে ‘পরগাছার রানি’ বলেও কটাক্ষ করেন তিনি। অথচ একসময় এই অভিনেত্রীর প্রতি নিজের শ্রদ্ধা ও অনুপ্রেরণার কথা জানিয়েছিলেন পরীমনি।
লেভেল নয়, কোয়ালিটি নিয়ে কথা বলতে চান পরীমনি
অপু বিশ্বাসের ‘লেভেল’ মন্তব্যের পর নিজের অবস্থান স্পষ্ট করতে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন পরীমনি। সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন তিনি।
ভিডিওটির ক্যাপশনে পরীমনি লেখেন, ‘লেভেল! আসেন কোয়ালিটি নিয়ে কথা বলি। আমাদের কোয়ালিটি ১০০ তে ১০০ বস। কোয়ালিটি ম্যাটার্স। ওসব লেভেল আমরা গুনি নাহ।’
এদিকে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিভিন্ন ঘটনা নিয়েও আলোচনায় রয়েছেন পরীমনি। কিছুদিন আগে আদালত চত্বরে এক সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর গুলশানের একটি অনুষ্ঠানে হামলার শিকার হয়েছেন বলে গভীর রাতে ফেসবুক লাইভে অভিযোগ করেন এই অভিনেত্রী। সে সময় নিজের গাড়ি ভাঙচুরের কথাও জানান তিনি।
তবে পুলিশ সূত্রে জানা যায়, পরীমনির গাড়িটি অক্ষত ছিল। হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগের বিপরীতে পুলিশের দেওয়া এই তথ্যও আলোচনায় আসে।





