মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
»
সংবাদ বিবরণী

খুলনায় সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সালমান (২৩) নামে ক্যামেল সিগারেট কোম্পানির এক কর্মী আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির পিয়ন হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, গুলির কারণ ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top