ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এক পুরুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একের পর এক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও পাঁচটি ইউনিট উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে যোগ দেয়। আগুনের তীব্রতা বিবেচনায় পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী সময়ে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
একপর্যায়ে আটটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানার ভেতরে প্লাস্টিকের সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের পর সেখান থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।





