২৩ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণের প্রস্তাব করা হয়েছে। সড়কটির সম্মানসূচক নাম রাখা হবে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। শিকাগো সিটি কাউন্সিলের পরিবহন ও পাবলিক ওয়ে বিষয়ক কমিটির ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের একটি প্রস্তাবনায় এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। এতে শহরের আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের একটি অংশের নাম খালেদা জিয়ার নামে রাখার প্রস্তাব করা হয়।প্রস্তাবনা অনুযায়ী— উইলিস টাওয়ারের ব্লকসংলগ্ন ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড থেকে ওয়েস্ট অ্যাডামস স্ট্রিট পর্যন্ত আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটির নাম হবে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

এতে বলা হয়েছে, খালেদা জিয়া বাংলাদেশের একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের জনগণের সেবায় নিয়োজিত ছিলেন। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তার ঐতিহাসিক ভূমিকার কথাও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং জনগণের রাজনৈতিক অধিকারের প্রতি অঙ্গীকারের কারণে তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি পান বলে এতে উল্লেখ করা হয়। এ ছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার ভূমিকার কথাও তুলে ধরা হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার নীতির কথা উল্লেখ করা হয়।

গত ৩০ ডিসেম্বর ২০২৫ সালে খালেদা জিয়ার মৃত্যু হয় বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, গণতান্ত্রিক নেতৃত্ব, জনসেবা ও দেশের মানুষের প্রতি অঙ্গীকারের মধ্য দিয়ে তিনি একটি ঐতিহাসিক উত্তরাধিকার রেখে গেছেন। এতে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার উত্তরাধিকার তার পরিবার এবং বাংলাদেশের পরবর্তী প্রজন্মের নেতৃত্বের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। তার ছেলে তারেক রহমানের নামও এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে।

সড়কটির নামকরণের স্থান নির্বাচনের কারণ হিসেবে শিকাগোর উইলিস টাওয়ারের কথাও উল্লেখ করা হয়েছে। আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত এই স্থাপনাটি শিকাগোর স্থাপত্য ও প্রকৌশল উৎকর্ষের প্রতীক। বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খানের অবদানও শিকাগোর আকাশসীমার স্থাপত্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রস্তাবনায় উল্লেখ করা হয়। প্রস্তাবনাটি শিকাগো সিটি কাউন্সিলে পাস ও প্রকাশিত হওয়ার পর কার্যকর হবে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিকাগোর পরিবহন কমিশনারকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top