বুধবার, ১১ নভেম্বর ২০২৬
»
সংবাদ বিবরণী

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

অনলাইন ডেস্ক

সারাদিন বাস চালানোর পর রাতে সেটি রাখা হয়েছিল বাসস্ট্যান্ডের সামনের সড়কে। ক্লান্ত শরীর নিয়ে বাসের ভেতরেই ঘুমিয়ে পড়েছিলেন চালক মো. কালাচাঁদ। মধ্যরাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান তিনি। সোমবার রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর থেকে পরিবারজুড়ে চলছে শোকের মাতম।

মঙ্গলবার বাড়িতে আহাজারি করতে করতে নিহতের স্ত্রী ময়না বেগম বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি। কেন আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মারল। আমি এই হত্যার বিচার চাই।’ সূত্র জানায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর রাখা ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে চালক দরজা খুলে কোনোমতে বাইরে বেরিয়ে আসেন। তবে বাইরে বের হয়েই তিনি পড়ে যান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মন্তব্য করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top