আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, সাজার বিরুদ্ধে আপিলের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো আইনগত বিকল্প নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তিকে পাসপোর্ট দেওয়া যায় না। সে হিসেবে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনার নামে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন করে পাসপোর্ট ইস্যুর কোনো আইনগত সুযোগ নেই।
তিনি আরও বলেন, একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে। মো. আমিনুল ইসলাম দাবি করেন, শেখ হাসিনা বিচার চলাকালে দেশে ফিরে আদালতের মুখোমুখি হননি এবং রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে আপিলও করেননি। ফলে এখন তাঁর আপিল করার আইনগত সুযোগ নেই।
ব্রিফিংয়ে তিনি জানান, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স ভারতের বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পাসপোর্ট বিষয়ে একটি চিঠি দিয়েছে। তবে শেখ হাসিনা নিজে কিংবা তাঁর দল আনুষ্ঠানিকভাবে কোনো আবেদন করেননি।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক দলিল নেই। ভারত সরকার মানবিক কারণে তাঁকে আশ্রয় দিয়েছে বলে জানিয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চান, তাহলে তাঁকে ভারত সরকারের কাছে লিখিত আবেদন করতে হবে এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরার প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, শেখ হাসিনার দেশে ফেরার প্রকৃত সদিচ্ছা থাকলে তিনি বিচার চলাকালে দেশে এসে আদালতের মুখোমুখি হতেন এবং রায়ের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতেন।
এ সময় তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, দেশে ফিরতে চাইলে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভারত সরকারের কাছে আবেদন করা উচিত। পাশাপাশি তিনি মন্তব্য করেন, এ ধরনের তৎপরতার মাধ্যমে দলের নেতাকর্মীদের আরও ঝুঁকির মধ্যে না ফেলাই সমীচীন।




