এক গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির গোল ও অ্যাসিস্টে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি।
সোমবার (২ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি কেউই।
বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। সে চেষ্টায় সফল হতে অবশ্য বেশি সময় লাগেনি।
খেলার ৬৯ মিনিটে মেসির পাস থেকে গোল করে মায়ামিকে ১-১ সমতায় ফেরান জার্মান বেরেতেরামে। ৮৩ মিনিটে দলের হয়ে ব্যবধান গড়ে দেন মেসি নিজেই। সতীর্থ তেলাসকো সেগোভিয়ার পাস পেয়ে তিন প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান আর্জেন্টাইন অধিনায়ক। তার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
শেষ দিকে মায়ামি আরও একটি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) তা বাতিল করে দেয়। বাকি সময়ে আর গোল না হওয়ায় ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।
এ জয়ে নিউ ইংল্যান্ডকে পেছনে ফেলে ৫৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি; ৫৮ পয়েন্ট নিয়ে তিনে নেমেছে নিউ ইংল্যান্ড। এ নিয়ে মায়ামির জার্সিতে ১২৩ ম্যাচে মেসির ১০৭ গোল ও ৬০টি অ্যাসিস্ট পূর্ণ হলো।





